অ্যাথলেটিক্সের দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করে বুদাপেস্টে শুরু হচ্ছে উদ্বোধনী 'আল্টিমেট চ্যাম্পিয়নশিপ'। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জয়ী অ্যাথলেটদের অংশগ্রহণে এই আসরটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। রেকর্ড ১ কোটি ডলারের প্রাইজমানি এবং সেরা অ্যাথলেটদের লড়াই দেখার অপেক্ষায় এখন ক্রীড়াপ্রেমীরা।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্যারিস অলিম্পিকের ২৬ জন স্বর্ণপদক জয়ী এবং টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২৬ জন চ্যাম্পিয়ন। এছাড়া চলতি মৌসুমের র্যাঙ্কিং অনুযায়ী সেরা পারফরমাররাও যোগ দিয়েছেন এই আসরে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াই ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ এর বিশাল প্রাইজমানি, যা অ্যাথলেটিক্সের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। প্রতিটি ইভেন্টের বিজয়ী পাবেন ১ লাখ ৫০ হাজার ডলার, যা গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের চেয়ে দ্বিগুণেরও বেশি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে পাবেন ৭৫ হাজার ও ৪০ হাজার ডলার, আর ১৬তম স্থান পর্যন্ত অ্যাথলেটদের জন্য থাকছে আর্থিক পুরস্কারের ব্যবস্থা।
কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট এই আসরের অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত থেকে অ্যাথলেটদের উৎসাহ জোগাচ্ছেন। তিনি জানান, সেরা অ্যাথলেটদের একে অপরের মুখোমুখি হতে দেখার এই সুযোগ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জন্য এক নতুন মোড়। আটবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী এই তারকা মনে করেন, এমন প্রতিযোগিতামূলক পরিবেশ অ্যাথলেটদের সেরাটা বের করে আনতে সাহায্য করবে।
ঐতিহ্যবাহী পদকের পরিবর্তে এবার থাকছে বিশেষায়িত ট্রফি, যা চ্যাম্পিয়নদের জন্য নতুন এক স্বীকৃতির প্রতীক। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের এই নতুন উদ্যোগের মাধ্যমে অ্যাথলেটিক্সকে নতুনভাবে সাজানোর চেষ্টা চলছে। দ্বিবার্ষিক এই টুর্নামেন্টটি এখন থেকে বিশ্ব অ্যাথলেটিক্স ক্যালেন্ডারের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে নিয়মিত আয়োজিত হবে।