ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনড় অবস্থান

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনি গাড়ি পূর্বপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক সন্তানের জননী সাবিনা ইয়াসমিন। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে প্রেমিক সিয়ামের বাড়িতে অবস্থান নেন ওই গৃহবধূ।

ভুক্তভোগী গৃহবধূর দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সুবাদে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিয়াম তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু তাকে বিয়ে না করে সিয়াম অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় তিনি বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

ঘটনার পর থেকে প্রেমিক সিয়াম ও তার পরিবারের সদস্যরা বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অন্যত্র সরে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে সিয়াম তাকে বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলেও ঘোষণা দিয়েছেন ওই গৃহবধূ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম হিন্দা এলাকার আব্দুল লতিবের ছেলে এবং সাবিনা ইয়াসমিন নানার বাড়িতে থেকে প্রতিবেশী সূত্রে সিয়ামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ইতিমধ্যে সাবিনা ইয়াসমিনের প্রায় সাড়ে ছয় বছরের সংসার ও চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় পর্যায়ে এর সুরাহা না হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।

০%
০%
০%
০%