গোসাইরহাটে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সালে আহম্মেদ সরদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে গোসাইরহাট উপজেলার মিত্রসেন পট্টি এলাকায় গোসাইরহাট-কোদালপুর সড়কের জয়ন্তী নদীর সেতু সংলগ্ন পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এসআই মাহবুবুর রহমান হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজনদের তল্লাশি করে সালে আহম্মেদ সরদারকে আটক করা হয়।

পরে তার হেফাজতে থাকা একটি পলিথিনের প্যাকেট থেকে কমলা রঙের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সালে আহম্মেদ সরদার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা চরবয়রা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় সঙ্গে থাকা অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। উদ্ধার করা ইয়াবা আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে গোসাইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

০%
০%
০%
০%