জলবায়ু পরিবর্তনের অ-অর্থনৈতিক ক্ষতি স্থানীয় সরকারের বাজেটে অন্তর্ভুক্ত করার তাগিদ বিশেষজ্ঞদের

খুলনা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কেবল অবকাঠামো বা ফসলের ক্ষয়ক্ষতির মাঝেই সীমাবদ্ধ নেই, বরং এর বহুমুখী অ-অর্থনৈতিক ক্ষতি মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে। খুলনার সিএসএস আভা সেন্টারে আয়োজিত এক বিশেষ সভায় বিশেষজ্ঞরা এই অভিমত ব্যক্ত করেন এবং স্থানীয় সরকার ব্যবস্থার বাজেট ও পরিকল্পনায় এই সংকট মোকাবিলার বিষয়টি যুক্ত করার জোরালো তাগিদ দেন।

বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ বা জেজেএস-এর উদ্যোগে 'লস অ্যান্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ' প্রকল্পের আওতায় ফলাফল থেকে পদক্ষেপে: অ-অর্থনৈতিক ক্ষতি ও ক্ষয়ক্ষতি পূরণের পথ এবং নীতি সমন্বয় জোরদারকরণ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মঞ্জুর আলম।

জেজেএস-এর নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মানবজীবনের গভীর ক্ষতগুলো তুলে ধরেন। তারা উল্লেখ করেন যে, মানুষের মৃত্যু, শারীরিক অক্ষমতা, মানসিক স্বাস্থ্যঝুঁকি, পুষ্টিহীনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয় হারানো, পেশাগত সংকট এবং সামাজিক বন্ধন ভেঙে যাওয়ার মতো ক্ষতিগুলোর কোনো আর্থিক মূল্যায়ন বা পুনরুদ্ধার সম্ভব নয়।

আলোচনায় আরও উঠে আসে যে, উপকূলীয় অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে খুলনা শহরের বস্তিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রায় বড় ধরনের ধস নেমেছে। বাস্তুচ্যুতির কারণে শিশুদের শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তীব্র দারিদ্র্যের চাপে শিশুশ্রম ও বাল্যবিয়ের মতো সামাজিক ঝুঁকিগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এই বহুমুখী সংকট মোকাবিলায় বক্তারা ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের বার্ষিক বাজেট এবং উন্নয়ন পরিকল্পনায় অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতিকে গুরুত্ব দিয়ে তা অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে তারা জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার সুরক্ষা এবং নীতিগত সমন্বয় জোরদার করার মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

০%
০%
০%
০%