সিলেটের আম্বরখানা-এয়ারপোর্ট রোড এলাকায় অবস্থিত হিলভিউ মেডিকেল সেন্টার নামক একটি প্রতিষ্ঠানে সম্প্রতি বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার নামে প্রতারণা এবং বিভিন্ন অনিয়ম করার অপরাধে প্রতিষ্ঠানটিকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।
তদন্তে জানা যায়, বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি আট হাজার পাঁচশত টাকার পরিবর্তে সাড়ে বারো হাজার টাকা করে আদায় করা হচ্ছিল। সুনির্দিষ্ট এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমে ব্যাপক অনিয়মের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, তল্লাশির সময় প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের রেজিস্টার বা প্রয়োজনীয় নথিপত্র পাওয়া যায়নি। এমনকি কোনো ধরনের মেডিকেল পরীক্ষা বা রক্তের নমুনা সংগ্রহ ছাড়াই বিদেশগামী যাত্রীদের নামে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার মতো গুরুতর অপরাধের প্রমাণ মেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানটির কতৃপক্ষ নিজেদের অপরাধ স্বীকার করে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।