বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নদীতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর এলাকার লতিফ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, একই উপজেলার নিবদী গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম এবং ভোলা জেলার ভেদুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে ফারুক মোল্লা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল গণমাধ্যমকে জানান যে, নদী ও পরিবেশের সুরক্ষায় অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।