পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আকস্মিক দুর্ঘটনায় বায়েকের সার্ভার রুমসহ আশপাশের বেশ কয়েকটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার দিবাগত রাত তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে সার্ভার রুমে থাকা কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের পর থেকে প্রকল্পের কয়েকটি স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন রয়েছে।
বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ থাকায় এবং প্রচণ্ড গরমের কারণে প্রকল্পে কর্মরত শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।