শরীয়তপুরের গোসাইরহাটে পৃথক মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

শরীয়তপুরের গোসাইরহাটে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই অভিযানে থাকা আরও দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টহল দল উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচকাঠি সাকিনে গ্রেপ্তার মো. সুলাইমানের বসতবাড়ির সামনে পাকা সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়।

পরে তার হেফাজত থেকে একটি সাদা জিপারে রাখা ৫০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। একই অভিযানে একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর নীল পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। এ সময় তার সঙ্গে থাকা অপর এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তার মো. সুলাইমান (৩৪) গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকার শাহ আলম সিকদারের ছেলে।

এর আগে ৬ সেপ্টেম্বর গোসাইরহাট থানার আরেকটি টহল দল উপজেলার তর জুশিরগাঁও বাজার এলাকায় অভিযান চালায়। বাজারের রফিক মাদবরের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে বাবু সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ সময় বাবু সরদারের হেফাজত থেকে একটি নীল রঙের জিপারে রাখা ৭৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা। এ অভিযানেও অপর এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তার বাবু সরদার গোসাইরহাট উপজেলার দাতরা এলাকার বাদল সরদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, পৃথক দুই ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোসাইরহাট থানায় পৃথক মামলা হয়েছে। উভয় মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০%
০%
০%
০%