ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার দক্ষিণ পাশে দালাল বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপনের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কের নিচ দিয়ে পাইপ নেওয়ার ফলে ইতিমধ্যে রাস্তার কিছুটা অংশ দেবে গেছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পার্শ্ববর্তী একটি জমি ভরাটের উদ্দেশ্যে মহাসড়কের নিচ দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ড্রেজারের পাইপ স্থাপন করা হয়েছে। প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে অত্যন্ত সুকৌশলে সড়কের নিচ দিয়ে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, মহাসড়ক ফুটো করার কারণে রাস্তার ভেতরের মাটি সরে গিয়ে যেকোনো মুহূর্তে বড় ধরনের ধস নামতে পারে। অবিলম্বে এই বিপজ্জনক সুড়ঙ্গটি ভরাট করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার পাশাপাশি যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জমির মালিক মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জমি ভরাটের এই কাজটি স্থানীয় সাফিজুল মাতাব্বর ও তার ছেলে আসাদুল মাতাব্বর পরিচালনা করছেন। তবে অভিযুক্ত সাফিজুল মাতাব্বর মহাসড়ক ফুটো করার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছেন যে তার কোনো ড্রেজার নেই।
ঘটনার বিষয়ে ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এমন ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা।