রংপুরে অতিরিক্ত ভর্তি ফি ও ভোটাধিকার হরণের মুচলেকার প্রতিবাদে নবীন আইনজীবীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রংপুর জেলা আইনজীবী সমিতিতে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত ভর্তি ফি আদায় এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে মুচলেকা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নবীন আইনজীবীরা। সোমবার রাত সাতটা থেকে নয়টা পর্যন্ত নগরীর আদালতপাড়ায় জেলা আইনজীবী সমিতিতে অবস্থান নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় নবীন আইনজীবীরা সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন।

বিক্ষোভে অংশ নেওয়া নবীন আইনজীবী আসমিন ফারহা আঁখি জানান, সমিতিতে ভর্তির ফি পূর্বে পঞ্চাশ হাজার টাকা থাকলেও বর্তমানে তা বয়সভেদে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পঁয়ত্রিশ বছরের বেশি বয়সি আইনজীবীদের কাছ থেকে স্ট্যাম্পে লিখিত মুচলেকা নেওয়া হচ্ছে, যাতে তারা কখনোই ভোটাধিকারের আবেদন না করেন। আইনের চর্চাকেন্দ্রে এমন বেআইনি শর্ত চাপিয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে এই কালাকানুন বাতিলের দাবি জানান তিনি।

আরেক আন্দোলনকারী আইনজীবী আরিফুর রহমান অভিযোগ করে বলেন, ছাব্বিশতম ব্যাচে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ একশ আটজন নবীন আইনজীবী সদস্যপদের জন্য আবেদন করলেও তাদের মধ্যে পঁয়তাল্লিশজনকে সাধারণ এবং বাকি তেষট্টিজনকে সহযোগী সদস্য হিসেবে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অন্য কোনো বারে এমন নিয়ম না থাকলেও রংপুর সমিতিতে মোটা অঙ্কের ফি আদায় এবং ভোটাধিকার প্রয়োগ না করার মুচলেকা নেওয়া হচ্ছে। অবিলম্বে এই অযৌক্তিক ফি ও নিয়ম বাতিলের দাবি জানান তিনি।

নবীন আইনজীবী বিকাশ চন্দ্র রায় জানান, মঙ্গলবার অতিরিক্ত ভর্তি ফি ও মুচলেকা ছাড়াই ভর্তির আশ্বাস দিয়েছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। তবে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে তারা আমরণ অনশন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অভিযোগের বিষয়ে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন জানান, সমিতির বর্তমান নিয়মাবলি দুই হাজার তিন সালে প্রণীত এবং সেই বিধান অনুযায়ীই ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। নবীন আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের অতিরিক্ত ফি ছাড়াই ভর্তি হতে বলা হয়েছে এবং মুচলেকা ও অন্যান্য বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পুরো সমিতি আলোচনা করবে।

০%
০%
০%
০%