বাঁশখালীতে উসকানিমূলক বক্তব্য পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান বিএনপির

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বিএনপির বিরুদ্ধে অশালীন ও উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে বিএনপি জনগণের দল এবং জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়েই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়।

গত রোববার বিকেল পাঁচটায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার দারোগা বাজারে এক সমাবেশে মিলিত হয়। পৌরসভা ও চৌদ্দটি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা এই সমাবেশে জমায়েত হন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে তবে কোনো ধরনের হুমকি, উসকানি কিংবা অশালীন বক্তব্যের মাধ্যমে বাঁশখালীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা উচিত নয়। সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি রাজনৈতিক মতপার্থক্যের কারণে তাদের বিব্রত বা চাপের মধ্যে না রাখার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মুহাম্মদ লোকমানের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কামরুল ইসলাম হোসাইনী, আমিনুর রহমান চৌধুরী, আবদুস সবুর ও অ্যাডভোকেট কাশেম চৌধুরীসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। বাঁশখালীতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

০%
০%
০%
০%