পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটকালে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে তীব্র সমালোচনা করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বর্তমান পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে বর্তমানে তীব্র তেল সংকট চলছে এবং এই অবস্থায় হাজার হাজার লিটার তেল পুড়িয়ে এমন কর্মসূচি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও অভিযোগ করেন যে, জামাত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট অতীতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এবং এখন বিভিন্ন সংকটের ধুায় তুলে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।
রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানে স্থানীয় উন্নয়ন ও জনসচেতনতামূলক বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর বিশেষ জোর দেন তিনি। এছাড়া যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে দেশবাসীকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান এই প্রতিমন্ত্রী।
এর আগে বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং শিশুদের সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনী এই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম এবং উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সাঁতার প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।