রংপুরের তারাগঞ্জ উপজেলায় একই রাতে চারটি বৈদ্যুতিক মিটার চুরির অভিনব ঘটনা ঘটেছে। উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মেডিকেল মোড় ও খোর্দ্দ রেলাইচণ্ডি ইমামগঞ্জ বাজার এলাকায় শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভীমপুর মেডিকেল মোড় এলাকার সাদিকুলের ধান ভাঙার মিলের মিটার, ইমামগঞ্জ বাজারে মাহে আলমের অটোরিকশার ব্যাটারি চার্জিং স্টেশনের মিটার এবং একই এলাকার তারিকুল ও মইনুলের দুটি আবাসিক মিটার চুরি হয়। রাতের কোনো এক সময়ে এই সংঘবদ্ধ চোর চক্রটি অত্যন্ত সুকৌশলে মিটারগুলো খুলে নিয়ে যায়।
চুরির পর চক্রটি এক অদ্ভুত কায়দায় মুক্তিপণ দাবি করে। ক্ষতিগ্রস্ত মাহে আলম জানান, চোরেরা তার চুরিকৃত মিটারের বোর্ডের গায়ে একটি মোবাইল নম্বর লিখে রেখে যায় এবং মিটারটি ফেরত পেতে ওই নম্বরে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে সেই নম্বরে কল দেওয়া হলে মিটারটি ফেরত দেওয়ার শর্তে ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টি পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে। এই ঘটনার বিষয়ে নিবিড় তদন্ত চালিয়ে দ্রুত চোর চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।