আনোয়ারায় মার্কেট দখল ও বেড়া অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষ, এনসিপি নেতাসহ আহত ৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মার্কেট দখল ও বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী কাঁচাবাজারের হাজী এ আলী হোসেন মার্কেটের সামনে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে এক রাজনৈতিক নেতাসহ অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক দেলোয়ার হোসেন এবং মার্কেটের ব্যবসায়ী সুমন গুরুতর জখম হয়েছেন। পরবর্তীতে তাদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাতরী চৌমুহনী কাঁচাবাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সম্প্রতি মালিকপক্ষ এক বিএনপি নেতাকে মার্কেট নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করে এবং ব্যবসায়ীরা মালিকপক্ষের অমতে জোরপূর্বক দোকান খুলে ব্যবসা শুরু করেন।

পরিস্থিতি আরও জটিল করে তুলে শনিবার দুপুরে মালিকপক্ষ ও বিএনপি নেতাকর্মীরা মার্কেটের যাতায়াতের মূল পথ টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। পরবর্তীতে ব্যবসায়ীরা এনসিপি নেতা দেলোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে সেই টিনের বেড়া অপসারণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বাধে।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী জানান, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মার্কেটের দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হলেও এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০%
০%
০%
০%