আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভার উপজেলার আমিনবাজার এলাকায় প্রাইভেট কার রাখা নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ছেলেও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত আটটার দিকে আমিনবাজার বড়দেশি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন (৫৮) ঢাকার মালিবাগ জোনে এসবিতে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে এবং পরিবার নিয়ে আমিনবাজার এলাকায় বসবাস করতেন। তার ওপর হামলার সময় বাধা দিতে গেলে ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকার একটি গেঞ্জি ফ্যাক্টরির সামনে প্রাইভেট কার রাখা নিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা এসবি সদস্য আলতাফ হোসেন ও তার ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা এসবি সদস্য আলতাফ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।

এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িত দুর্বৃত্তদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

০%
০%
০%
০%