হত্যা মামলায় কারাবন্দি একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে গত রবিবার তাকে কারাগার থেকে হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয় বলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
কারা অধিদপ্তরের ডিআইজি (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান জানিয়েছেন, শারীরিক জটিলতার কারণে কারাগারের চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ জানান, রবিবার সন্ধ্যায় কারাগারে আকস্মিক অসুস্থ বোধ করলে ফারজানা রুপাকে দ্রুত বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাংবাদিক ফারজানা রুপা দীর্ঘ দিন ধরে ফ্যাটি লিভার ও বিভিন্ন স্ত্রীরোগসংক্রান্ত জটিলতায় ভুগছেন। তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের স্বার্থেই তাকে হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় দায়ের করা ফজলুল করিম হত্যা মামলায় আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তী সময়ে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ শাপলা চত্বর হত্যা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।