মতলবে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ অভিযুক্ত পলাতক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামে ১৬ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের পরিমল চন্দ্র নামক এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কয়েক মাস আগে অভিযুক্ত পরিমল কৌশলে কিশোরীকে নিজ ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শনপূর্বক ধর্ষণ করেন। ঘটনার সময় কাউকে কিছু না বলার জন্য ভয় দেখানোর পাশাপাশি তাকে ১০০ টাকা দেওয়া হয়েছিল বলেও পরিবার সূত্রে জানা গেছে।

সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনার বিস্তারিত প্রকাশ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, কিশোরীর গর্ভস্থ সন্তান নষ্ট করার উদ্দেশ্যে অভিযুক্ত পরিমল ভুক্তভোগীর বাবার হাতে ৪০ হাজার টাকা তুলে দেন। পরে সেই অর্থ খরচ করে ঢাকায় নিয়ে কিশোরীর গর্ভপাত করানো হয়েছে বলে ভুক্তভোগীর পরিবারের দাবি।

ভুক্তভোগীর বাবা শারীরিকভাবে অক্ষম এবং পেশায় নৌকার মাঝি। অত্যন্ত দরিদ্র ও জরাজীর্ণ ঘরে বসবাস করা এই অসহায় পরিবারটি ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য রণজিৎ কুমার জানান, বিষয়টি তার অগোচরে ছিল এবং তিনি শুনানির উদ্যোগ নিলেও তার আগেই প্রশাসন তৎপর হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পরিমল চন্দ্র পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এলাকায় এই বর্বরোচিত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকরা অপরাধী পরিমল চন্দ্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে সদস্য পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

০%
০%
০%
০%