দুইশ টাকা নিয়ে বিরোধে ধামইরহাটে যুবক খুন আহত মা

নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর গ্রামে মাত্র ২০০ টাকার লেনদেনের জেরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে মুস্তাকিন হোসেন নামের ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে সংঘটিত এ ঘটনায় নিহতের মা রেশমা খাতুন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বড়শিবপুর গ্রামের বাসিন্দা জলিল উদ্দিনের ছেলে ১৮ বছর বয়সী রতনের কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে কারেন্ট জাল বন্ধক নিয়েছিলেন মুস্তাকিন। বুধবার দুপুরে সেই টাকার পাওনা নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে রতন ধারালো হাসুয়া দিয়ে মুস্তাকিনকে এলোপাতাড়ি আঘাত করেন।

গুরুতর জখম অবস্থায় মুস্তাকিনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুস্তাকিনের মা রেশমা খাতুনকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, নিহত মুস্তাকিন ও হামলাকারী রতন উভয়ই মাদকাসক্ত ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারসহ স্থানীয়রা অবিলম্বে ঘাতক রতনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%