টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে আড়াই বছর বয়সী শিশু আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার মা বৃষ্টি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ আগস্ট সোমবার বিকেলে নিজ বাড়িতে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা ওয়াসীম মিয়া বাদী হয়ে স্ত্রী বৃষ্টি আক্তারের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে মায়ের সঙ্গে ঘরে খেলছিল শিশু আব্দুল্লাহ। এক পর্যায়ে শিশুটি বিছানা থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছে বলে দাবি করেন মা বৃষ্টি আক্তার। তাৎক্ষণিকভাবে তাকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পর থেকেই শিশুর মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন ও রহস্য দানা বাঁধে।
নিহত আব্দুল্লাহর দাদা-দাদী অভিযোগ করেন, বৃষ্টি আক্তারের পরকীয়া সম্পর্কের জের ধরে পরিবারে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধের চরম পরিণতি হিসেবেই মা তার সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে তাদের দাবি। যদিও ঘটনার পর ধারণকৃত একটি ভিডিও বার্তায় বৃষ্টি আক্তার অভিযোগ অস্বীকার করে পুনরায় দাবি করেন যে, বিছানা থেকে পড়ে গিয়েই তার সন্তানের মৃত্যু হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। গ্রেপ্তারকৃত বৃষ্টি আক্তারকে পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানকালে নিজের শিশু সন্তানকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
নিজের সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযুক্ত মায়ের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।