চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজের গতি ফিরে আসায় রাঙ্গুনিয়াবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের উপক্রম হয়েছে। দ্রুতগতির এই কাজের ফলে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন এই মহাসড়কে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের আওতায় জিয়ানগর থেকে পৌরসভা গোডাউন পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ বর্তমান কুড়ি ফুট প্রশস্ত সড়কটি বাড়িয়ে ত্রিশ ফুটে উন্নীত করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যাপ্ত লোকবল বাড়িয়ে সড়কের দুই পাশে পাঁচ ফুট করে মোট দশ ফুট প্রশস্ত করার কাজ অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলেছে।
কার্যাদেশ অনুযায়ী প্রকল্পটি ২০২৭ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও কাজের অতিরিক্ত গতির কারণে আগামী চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই তা সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী দশ দিনের মধ্যেই প্রথম পর্যায়ের এই অংশের কাজ পুরোপুরি শেষ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
প্রথম ধাপের কাজ প্রায় শেষের পথে থাকায় এবার দ্বিতীয় পর্যায়ে গোডাউন থেকে মরিয়মনগর চৌহনী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ খুব শিগগির শুরু হতে যাচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউনুস জানান, চলমান কাজের সন্তোষজনক অগ্রগতির পর এবার গোডাউন থেকে চৌহনী পর্যন্ত বর্ধিত অংশের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঠিকাদার সালাউদ্দীন জানান, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ শেষের দিকে এগিয়ে নিলেও তা দ্রুত সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এই মেগা প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান হতে চলেছে এবং সরকার স্থানীয় জনগণের যাতায়াত নিরাপদ করতে সড়কটি চার লেনে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে।