বাগেরহাটে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম ও খতিবদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। রোববার বিকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানানো হয়। 'ইনসাফভিত্তিক সমাজ, ইমাম-খতিবদের অঙ্গীকার' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ বাগেরহাট সদর উপজেলা শাখা এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান বলেন, মসজিদের মিম্বার কেবল নামাজ ও ধর্মীয় শিক্ষার স্থান নয়, বরং এটি হেদায়েত, নৈতিকতা ও সমাজ সংস্কারের অন্যতম প্রধান কেন্দ্র। তিনি আরও অভিযোগ করেন যে, বিগত সরকারের আমলে ইমাম ও খতিবদের নামে প্রতিষ্ঠিত বিভিন্ন সংগঠনে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে এবং একটি সুবিধাবাদী গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত থাকায় আলেম সমাজের পেশাগত মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন হয়েছে।
জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া সরুই মাদ্রাসার শাইখুল হাদিস এবং মিঠাপুকুর পাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ইমাম ও খতিবদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে আলোচনার ভিত্তিতে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ বাগেরহাট সদর উপজেলা শাখার একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত নতুন কমিটিতে সালমান শামীমকে আহ্বায়ক এবং ইনামুল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তারা সাধারণ আলেম-ওলামা ও ইমামদের অধিকার রক্ষা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ জোর দেন।