ঢাকার সাভার উপজেলার ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকশীকে ছাদ থেকে ফেলে হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি মো. মিন্টুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার রাতে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মিন্টু পীরগাছা থানার সুল্লিপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৩ জুলাই নিহতের ভাগ্নে শাহরিয়ার কবির সৌমিক মিম নামের এক কিশোরীর সঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই কিশোরীর অবস্থান ঢাকার সাভার এলাকায় শনাক্ত করে। গত ৬ আগস্ট রাতে আসামিরা পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সাভারের বিপিএসটি এলাকায় নিহত মোনারুলের বাসায় গিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, ঘরে কিশোরীকে না পেয়ে আসামিরা মোনারুল ইসলাম বকশীকে জোরপূর্বক পাঁচতলার ছাদে নিয়ে যান এবং সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গত ১৫ আগস্ট সাভার থানায় একাত্তর নম্বর মামলাটি দায়ের করেন এবং মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং শনিবার রাতে পীরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা।