পঞ্চাশ বছরেও হয়নি যাত্রী ছাউনি নলছিটি ট্রলার ঘাটে দুর্ভোগে চারশ থেকে পাঁচশ যাত্রী

ঝালকাঠির নলছিটি উপজেলার প্রায় অর্ধশত বছরের পুরনো ট্রলার ঘাটে আজও কোনো যাত্রী ছাউনি নির্মাণ করা হয়নি। ফলে প্রতিদিন রোদ, বৃষ্টি ও ঝড়ের মধ্যে নদী পারাপারের সময় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নলছিটি থেকে নদীপথে ষাটপাকিয়া, ঝালকাঠি ও বরিশাল যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই ঘাট। স্থানীয় ফেরি নিয়মিত চলাচল না করায় প্রতিদিন গড়ে চারশ থেকে পাঁচশ যাত্রী এবং বিভিন্ন যানবাহন এই ট্রলারের মাধ্যমেই নদী পারাপার হয়।

পৌরসভা প্রতিবছর এই ঘাট ইজারা দিয়ে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় করলেও যাত্রীদের জন্য সামান্য সুবিধা নিশ্চিত করেনি। চলতি বছরেই শুধু ইজারা বাবদ পৌরসভার আয় হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।

এর আগে ২০২১-২২ অর্থবছরে যাত্রী ছাউনি নির্মাণের জন্য ৭ লক্ষ ৬১ হাজার ৮৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কাজের কোনো বাস্তব প্রতিফলন না ঘটলেও বরাদ্দকৃত অর্থ থেকে ইতিমধ্যে ১ লক্ষ ৮৭ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

পৌরসভার এই নির্বিকার মনোভাব ও বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। তারা অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ ঘাটে যাত্রী ছাউনি নির্মাণসহ দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%