চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার সংযোগকারী প্রমত্তা টংকাবতী নদীর ওপর বহুল প্রত্যাশিত আরসিসি গার্ডার সেতুটির নির্মাণকাজ দীর্ঘসূত্রতায় পড়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি নির্ধারিত মেয়াদের মধ্যে শেষ না হওয়ায় দুই উপজেলার কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের তিন খালের মুখ এলাকায় ৯০ দশমিক ৯২ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে আট কোটি চার লাখ ৯৪ হাজার ৩৯৩ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুর সিন্ডিকেট ২০২৩ সালের ২০ আগস্ট কাজ শুরু করে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল।
নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এবং বর্তমানে সেতুর কাজ চলাকালীন বিকল্প যোগাযোগব্যবস্থাও বন্ধ থাকায় এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। স্থানীয়রা জানান, এই স্থানে ডলু নদী, টংকাবতী নদী ও বোয়ালিয়া খালের মিলনে সৃষ্ট তিন খালের মুখে বর্ষাকালে কাঠের সাঁকো ভেঙে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং স্থায়ী সেতু না থাকায় তাদের দীর্ঘদিনের যাতায়াত কষ্টকর হয়ে উঠেছে।
কাজের ধীরগতির বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার সালমান জানান, বর্ষা মৌসুমের প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েক মাস কাজ বন্ধ থাকায় নির্ধারিত সময়ে তা সমাপ্ত করা সম্ভব হয়নি। তবে বর্তমানে কাজ চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে সেতুর সম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান পুনরায় কাজ শুরু করেছে এবং দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট নির্মাণকাজ শেষ হবে। এদিকে জনদুর্ভোগ লাঘবে নির্মাণাধীন সেতুটির কাজ দ্রুত সম্পন্ন করে অবিলম্বে তা চালুর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা।