কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় হালচাষের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর উল্টে গিয়ে অমিত হাসান (২৪) নামের এক তরুণ চালক নিহত হয়েছেন। গত ৬ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কের প্রথাব নাথ বাজারসংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অমিত হাসান উপজেলার ছয়সূতী পূর্বপাড়া গ্রামের মরহুম কামাল মিয়ার বড় ছেলে ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অমিত হাসান ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষের কাজ করছিলেন। পরে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদী যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়।
এ সময় আকস্মিক দুর্ঘটনায় ভারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই আকস্মিক ও অপ্রকাশ্য মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।