সহিংসতা নয়, নজরুলের সাংস্কৃতিক ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই: মুক্তিযুদ্ধমন্ত্রী

টাঙ্গাইলের পাহাড়কাঞ্চনপুর এলাকায় অবস্থিত বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে ‘কাব্য ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি-২০২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমরা কোনো সহিংস বাংলাদেশ চাই না, বরং নজরুল ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের মেধাবী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, নজরুল কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিবাদী চেতনা ও মানবিক দর্শনের মূর্ত প্রতীক। শোষণ, বৈষম্য ও পরাধীনতার বিরুদ্ধে তিনি তাঁর লেখনীকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন, যা আজও আমাদের মাঝে সমান প্রাসঙ্গিক।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদের এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. মাহামুদুর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান। অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা ও গানের ছন্দে নৃত্য পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং পরবর্তীতে বিমান বাহিনী ঘাঁটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

০%
০%
০%
০%