দাগনভূঞায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ফেনীর দাগনভূঞায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ থেকে ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আলোচনা সভা শেষ করে নেতাকর্মীরা মিলনায়তন থেকে বের হওয়ার সময় রাস্তার অপর পাশে থাকা বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থকেরা স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে এবং পানি, পানির বোতল ও জুতা নিক্ষেপ থেকে শুরু করে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলায় সাংবাদিক শাখাওয়াত টিপু ও ফখরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন দাবি করেছেন যে, বিনা উস্কানিতে চালানো এই হামলায় তিনি ও তাঁর স্ত্রীসহ প্রায় ৪০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিক দাবি করেছেন, তাঁর কর্মীরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর পক্ষ থেকে প্রথমে আক্রমণ চালানো হয়। দুই পক্ষ একে অপরকে দোষারোপ করলেও এই বিশৃঙ্খলার ফলে স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়রা ও আহতদের পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%