বুড়িচংয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদকের বিরুদ্ধে এমপি জসিমের জিরো টলারেন্স ঘোষণা

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা ও পৌরসভা এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হতাশার মোড় থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে র‍্যালিটি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, গত নির্বাচনে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে নির্বাচিত করেছেন। তিনি বিএনপির প্রতিটি কর্মীর কাছে ঋণী উল্লেখ করে বলেন, বেঁচে থাকা পর্যন্ত এই ঋণ পরিশোধের চেষ্টা করবেন এবং প্রতিটি কর্মীকে তাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় কোনো মাদক কারবারির স্থান হবে না। মাদক ব্যবসায়ীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের মূল উৎপাটন করা হবে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং ইতিমধ্যে অনেক মাদক কারবারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিগত ৪৮ বছর ধরে বিএনপির অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি। তিনি বলেন, রাষ্ট্রের সার্বিক উন্নয়নে বিএনপি সব সময় নিবেদিতভাবে কাজ করে আসছে। দেশের স্বার্থে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির ও সাইফুল ইসলাম টিপুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক সবুজ চেয়ারম্যানসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় অংশগ্রহণ করেন।

০%
০%
০%
০%