জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের আহ্বান মোহাম্মদ শাহজাহানের

নোয়াখালী জেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন যে, তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকৃতি ও পরিবেশের ক্রমবর্ধমান সংকট কাটিয়ে উঠতে সবুজায়নের এই উদ্যোগ অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কেবল চারা রোপণ করলেই হবে না, বরং প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়তে সকলকে বাড়ির আঙিনা, রাস্তার পাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। অপরিকল্পিত নগরায়ণ ও নির্বিচারে গাছ নিধনের ফলে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা মোকাবিলায় দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশীদ আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সদস্য শহীদুল ইসলাম কিরণ, শহর বিএনপির সাবেক সভাপতি মো. আবু নাসের, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম উদ্দিন এবং জেলা কৃষকদলের সদস্যসচিব আব্দুজ জাহের হারুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

০%
০%
০%
০%