লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার শুভ দাসের কফিনবন্দি মরদেহ দেশে প্রত্যাবর্তন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুরে দীর্ঘ তিন মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরেছে প্রবাসী তরুণ শুভ দাসের নিথর দেহ। রোববার সকালে তার নিজ গ্রামে মরদেহ পৌঁছালে স্বজন ও স্থানীয়দের আহাজারিতে পুরো এলাকায় এক গভীর শোকের ছায়া নেমে আসে।

ভাগ্য বদলের আশায় ও পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমানো ২৩ বছর বয়সী শুভ দাস গত ১২ মে দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন। ওই হামলায় সাতক্ষীরার আরও দুই প্রবাসী কর্মী প্রাণ হারালেও নানা প্রশাসনিক জটিলতায় এতদিন পর শুভ দাসের লাশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হলো।

দরিদ্র ভ্যানচালক সুরঞ্জন দাস ও ধানচাতাল শ্রমিক শিখা দাসের মেজো ছেলে শুভকে ঘিরেই ছিল চার ভাই-বোনের পরিবারটির সবচেয়ে বড় স্বপ্ন। প্রায় তিন বছর আগে জমি, গবাদিপশু বিক্রি এবং ধারদেনা করে তাকে লেবাননে পাঠানো হয়েছিল পরিবারের অভাব ঘুচানোর একমাত্র ব্রত নিয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সরকারি সহায়তার অংশ হিসেবে লাশ বহনের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা এবং যুদ্ধে নিহত হওয়ার কারণে অনুদান হিসেবে আরও পঞ্চাশ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে তুলে দেওয়া হয়েছে। উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এই পরিবারটি দ্রুত যথাযথ ক্ষতিপূরণ ও ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়েছে।

০%
০%
০%
০%