রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত রাখার অপরাধে সোলাইমান পাটোয়ারী নামের এক ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর এলাকার ডাইংপাড়ায় অবস্থিত মেসার্স কৃষি ঘরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই অভিযান পরিচালনা করেন এবং গোডাউন তল্লাশি করে এক হাজার বস্তা ডিএপি, এমওপি ও টিএসপি সার উদ্ধার করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোলাইমান পাটোয়ারী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একজন অনুমোদিত সার ডিলার।
সার অবৈধভাবে মজুত ও বিক্রির বিষয়ে গত দুই মাসে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা কর্ণপাত করেননি। পরবর্তীতে কোনো নিয়মের তোয়াক্কা না করে গোডাউনে বিপুল পরিমাণ সার গুদামজাত করে রাখার সত্যতা মেলে।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের এই কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানিয়েছেন, কৃষকদের অনুকূলে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে এমন তদারকি অব্যাহত থাকবে।