কুড়িগ্রামে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় স্থানীয় সচেতন জনতার সাহায়্যে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার একটি ইটভাটার পাশের নির্জন স্থান থেকে মাদক কেনাবেচা ও সেবনের প্রস্তুতিকালে তাদের হাতেনাতে ধরা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শামীম মিয়া এবং আজিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই মাদককারবারি মূলত পরিবহন ব্যবসার আড়ালে শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ভারতীয় ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং ধৃত আসামিদের আটক করা হয়।

অভিযান চলাকালে আটক শামীম মিয়া স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পলায়নপর অবস্থায় পায়ে আঘাত পান। পরবর্তীতে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে হাসপাতাল থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান যে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

০%
০%
০%
০%