চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে রাস্তার ওপর ময়লা ফেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পৈশাচিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত এই আকস্মিক হামলায় পুরো এলাকায় গভীর আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নতুনপাড়া গ্রামের একটি জনবহুল রাস্তার ওপর ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিপক্ষ ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ও হাসুয়া নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।
রক্তক্ষয়ী এই হামলায় রিয়াজ, সুখী, ফারুক ও আশুরাসহ মোট চারজন ব্যক্তি গুরুতর জখম হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে আহতদের মধ্যে দু'জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরিভিত্তিতে যশোরে রেফার করা হয়।
এ ধরনের তুচ্ছ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং বাদীপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।