পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনে শহর রক্ষা বাঁধের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েক দিন ধরে নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় এবং গত মঙ্গলবার সন্ধ্যার পর এই ভাঙন ভয়াবহ আকার ধারণ করে।
সরেজমিন দেখা গেছে, হাজিরহাট লঞ্চঘাটের উত্তর পাশে শহর রক্ষা বেড়িবাঁধ সড়কের একটি অংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে। গত মাসে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে লাখ লাখ টাকা ব্যয়ে জিওব্যাগ ফেলা হলেও তীব্র স্রোতের টানে মুহূর্তেই তা নদীগর্ভে তলিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নিরাপদ জায়গা না থাকায় অনেকেই বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ও পূর্বপুরুষদের কবর অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
পরিস্থিতি পরিদর্শনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন এবং দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুঁকিপূর্ণ বাড়িঘর থেকে কয়েকটি পরিবারকে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসন ও খাবারের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, রাতের মধ্যেই সড়কের বাকি অংশ বিলীন হওয়ার আশঙ্কায় বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বাজারের গুরুত্বপূর্ণ অংশ ও বসতবাড়ি রক্ষা করা যায়।