চট্টগ্রামের রাউজান উপজেলায় এক তরুণ নিখোঁজ হয়েছেন এবং তাকে হত্যা করা হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যকর দাবি করেছেন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী রায়হান আলম। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ধারাবাহিক দুটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর দাবি করা হয়।
ফেসবুক পোস্টে রায়হান দাবি করেন যে, তপু মোস্তফা নামের ওই কলেজছাত্র তার এলাকার ছোট ভাই। রাউজান পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ডাকাত আলম ও আজিজ বাহিনীর লোকজন তাকে তুলে নিয়ে গেছে এবং তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, তপুকে তুলে নেওয়ার পর বিভিন্ন কথা বলে মারধর করা হয়েছে। এমনকি তাকে দিয়ে রায়হানকে একটি মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে ফেসবুকে জোরপূর্বক পোস্ট করানো হচ্ছে বলেও দাবি করেন রায়হান।
তবে তপুকে কারা তুলে নিয়ে গেছে, বর্তমানে তিনি কোথায় আছেন কিংবা তার সঙ্গে প্রকৃতপক্ষে কী ঘটেছ—এসব বিষয়ে এখনো কোনো স্বাধীন তথ্য পাওয়া যায়নি। এছাড়া রায়হানের করা ওই ফেসবুক পোস্টে তার দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
উল্লেখ্য, রাউজানের জানে আলম ওরফে ডাকাত আলম এবং আজিজ দুজনেই রায়হানের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। এই আকস্মিক নিখোঁজের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।