বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন একটি ময়লার স্তূপ থেকে দুটি মৃত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দুটি প্লাস্টিকের কৌটার ভেতর থেকে এই নবজাতক দুটি উদ্ধার করা হয়।

ঘটনার দিন রাতে পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন নিয়মিত কাজের অংশ হিসেবে ময়লা পরিষ্কার করার সময় বড় আকারের দুটি প্লাস্টিক কৌটা দেখতে পান। কৌটার কাছে গিয়ে ভেতরে দুটি নবজাতক শিশু দেখতে পেয়ে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে অবহিত করেন।

নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই ওই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নবজাতক দুটির লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, নতুন বাজার ও এর আশপাশের এলাকায় একাধিক বেসরকারি ক্লিনিক রয়েছে এবং কোনো একটি চিকিৎসা প্রতিষ্ঠান থেকেই ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটিকে ফেলে যাওয়া হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় দুই নবজাতককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তারা ময়লার স্তূপে এল, তা উদঘাটনে পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

০%
০%
০%
০%