ভারতের কারাগারে দুই বছর বন্দিদশা কাটিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৪৭ জন বাংলাদেশি নারী-পুরুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ফেরত আসা এই দলটিতে ৪৩ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, উন্নত জীবন ও ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে প্রায় আড়াই বছর আগে সীমান্তপথে অবৈধভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করেছিলেন এই বাংলাদেশিরা। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও কৃষিখামারে কাজ করার সময় একপর্যায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। পরবর্তীতে আদালতের রায়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সাজা শেষে তামিলনাড়ুর দুটি বেসরকারি শেল্টার হোমে তাদের রাখা হয়েছিল।

দুই দেশের সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা পেট্রাপোল সীমান্ত দিয়ে স্বদেশে ফেরেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে যশোর মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামের তিনটি মানবাধিকার সংস্থা তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।

যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস জানান, ফেরত আসা ব্যক্তিদের শেল্টার হোমে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তবে এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বিদেশ গমন প্রতিরোধে দালালচক্রের বিষয়ে দেশবাসীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

০%
০%
০%
০%