ভারত থেকে আমদানিকৃত সাড়ে ১০ হাজার টন চালে আফলাটক্সিনের সন্দেহ বিতরণ স্থগিত

ভারত থেকে সরকার টু সরকার চুক্তিতে আমদানিকৃত চালের একটি বড় চালানে ক্ষতিকর আফলাটক্সিনের উপস্থিতি নিয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে। এর ফলে চট্টগ্রামসহ বিভিন্ন খাদ্যগুদামে সংরক্ষিত প্রায় সাড়ে ৯ হাজার টন চালের বিতরণ সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে।

গত ২১ জুলাই এমভি এইচটি পাইওনিয়ার জাহাজে করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় সাড়ে ১০ হাজার টন আমদানিকৃত চালের এই চালানটি। প্রাথমিক ল্যাব পরীক্ষার পর চালগুলো ছাড়করণ করা হলেও পরবর্তীতে গুদামে পৌঁছানোর পর চালের রঙ লালচে হয়ে যাওয়া এবং তীব্র দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি নজরে আসে।

পরিস্থিতি সামাল দিতে খাদ্য বিভাগের নির্দেশে ইতিমধ্যে পচা ও খাবার অনুপযোগী ৯৮৪ টন চাল সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুকূলে ফেরত পাঠানো হয়েছে। তবে অভিযোগ উঠেছে যে, ফেরত পাঠানো ওই নিম্নমানের চাল পুনরায় নতুন করে খাদ্য অধিদপ্তরের কাছে গছিয়ে দেওয়ার একটি পাঁয়তারা চলছে।

চালের প্রকৃত মান যাচাই করতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরীফা সুলতানা দীপ্তির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল চট্টগ্রাম থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বর্তমানে গাজীপুরে অবস্থিত ল্যাবে এই নমুনার অধিকতর পরীক্ষা চলছে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

০%
০%
০%
০%