ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
কমিটির সভাপতি হিসেবে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি ও কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ১৯৭৪ সালের ১ অক্টোবর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অপু। নির্বাচনের আগে প্রচারণা মিছিলে হামলায় তিনি গুরুতর আহত হন এবং উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়। পরে তিনি নির্বাচনী এলাকায় আর প্রচারণা চালাতে পারেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলামকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।