আসন্ন ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে গাইবান্ধায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আগামী ১৯শে সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা পৌর জামায়াত কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই সর্বস্তরের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চের অংশ হিসেবে আগামী ১৯শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম এমপির সভাপতিত্বে এবং জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দসহ গাইবান্ধার বিভিন্ন উপজেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, আসন্ন ১১ দলীয় ঐক্যের লংমার্চ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং দেশের মানুষের ভোটের মর্যাদা ও জুলাই সনদ বাস্তবায়নের এক ঐতিহাসিক পদক্ষেপ। তিনি অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভা শেষে নেতৃবৃন্দ ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথায় লংমার্চের পথসভার নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এছাড়া এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবুকে আহ্বায়ক এবং সৈয়দ রোকনুজ্জামানকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

০%
০%
০%
০%