রংপুরে নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রংপুর মহানগর মহিলা দলের উদ্যোগে বুধবার দুপুরে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী সরকারের অন্যায় ও নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ, তবে বর্তমান রাজনীতিতে নারীরা রাজপথের সমান অংশীদার ও যোদ্ধা। ভবিষ্যতেও সংগঠনের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক পারুল বেগম, প্রচার সম্পাদক রেহানা বেগম ও ২৮ নম্বর ওয়ার্ড সভাপতি নারগীজ আক্তারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

০%
০%
০%
০%