চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও বিশ্লেষণ করে গত ৭ ও ৮ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হানিফ, মো. সাদেক, কামরুল হাসান ও মো. রিপন। পুলিশ জানিয়েছে, আটকের পর বুধবার তাদের চট্টগ্রাম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক, ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, ১টি দা এবং ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল।
সংঘর্ষ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কয়েকজন যুবক প্রকাশ্যে অস্ত্র হাতে তাণ্ডব চালায়। এ ঘটনায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্রের উৎস এবং সংঘর্ষে অন্য কোনো অস্ত্র ব্যবহৃত হয়েছিল কি না, সে বিষয়ে গভীরভাবে তদন্ত চলছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা।