হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেনা প্রশিক্ষণ এলাকায় ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক এক দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

নিহত দুই সেনাসদস্য হলেন সৈনিক গানার রিফাত এবং সৈনিক অপারেটর সিদ্দিক। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন ও গাড়িচালক সৈনিক জোবায়ের।

আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্যের প্রাণহানি ঘটে এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

এদিকে, এই প্রশিক্ষণ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

০%
০%
০%
০%