বগুড়ার শেরপুর পৌরসভার বাগড়া কলোনি এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. মাসুম, মো. এনামুল হক এবং মো. বাবর আলী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে একশত টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় প্রদান করা হয়।
শেরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।