পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আলী (২৮) নামের এক বিদেশফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত ওহিদ আলী ওই গ্রামের নুরাল সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার দিন সকালে পানির মোটরের সুইচ চালু করতে যান ওহিদ আলী। এ সময় বৈদ্যুতিক সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের এই মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।