নেত্রকোনার মদন পৌর শহরের আশকিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ ছেলের হাসুয়ার কোপে এলাই মিয়া নামের এক প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এলাই মিয়ার সঙ্গে তার বিশ বছর বয়সী ছেলে ইয়াসিনের বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ইয়াসিন ঘর থেকে বঁটি এনে তার পিতা এলাই মিয়ার ঘাড়ের পেছনের দিকে সজোরে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্ত ছেলে ইয়াসিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘাতক ছেলে ইয়াসিনকে আটক করেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে মানসিক ভারসাম্যহীন ইয়াসিনের হাতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।