কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৭৬ পিস ভারতীয় শাড়ি জব্দ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চোরাকারবারিরা পালিয়ে গেলেও ৭৬ পিস ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি উদ্ধার করা হয়।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ি পাচারের পাঁয়তারা করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১:০০ ঘটিকায় অনন্তপুর বিওপির আওতাধীন বালাবাড়ী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবি টহলদলের সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারতের দিক থেকে আসতে দেখেন এবং তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত দৌড়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৭৬ পিস ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। জব্দকৃত এই ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির সিজার মূল্য সাত লাখ ৬০ হাজার ৮০০ টাকা বলে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে জানানো হয়েছে।

এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে।

০%
০%
০%
০%