করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহ আলম (৩৮) ও মোকাররম হোসেন (২৪) নামের দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে, সম্পর্কে তারা আপন চাচা ও ভাতিজা।

নিহত শাহ আলম চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে এবং মোকাররম হোসেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহতদের মধ্যে মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং সম্প্রতি ছুটিতে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

স্বজনেরা জানান, সকাল ৭টার দিকে শাহ আলম ও মোকাররম জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় সকাল ১০টার দিকে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে তাদের নিথর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

০%
০%
০%
০%