৩৭ ঘণ্টা পরপদ্মা নদী থেকে ছাত্রদল নেতার ভাসমান মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে গিয়ে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ দীর্ঘ ৩৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গত রোববার সকাল ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদী থেকে নৌ-পুলিশ ও স্বজনদের যৌথ প্রচেষ্টায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত শুক্রবার রাত সোয়া নয়টার দিকে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে ১৩০ জন যাত্রী বহনকারী একটি বাল্কহেডের ধাক্কা লাগলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে দর্শনার্থীরা বাল্কহেডযোগে ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ্ মাজারে বেড়াতে গিয়েছিলেন। মাজার দর্শন শেষে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছালে নদীর তীব্র স্রোতে বাল্কহেডটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং তিন যাত্রী পানিতে পড়ে যান।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় লিটন ও ওহাব নামের দুই যাত্রীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও রকি নদীর প্রবল স্রোতে নিখোঁজ হন। খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান সাইদুল ইসলাম জানান, ব্রিজের আশপাশে নদীর গতি ও স্রোতের তীব্রতা অত্যধিক বেশি থাকায় প্রাথমিক উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল।

লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শহিদুল ইসলাম, ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত জানান, দীর্ঘ ৩৭ ঘণ্টার টানা প্রচেষ্টা ও নজরদারির পর ভাসমান অবস্থায় নিখোঁজ রকির লাশ উদ্ধার করা হয়েছে।

০%
০%
০%
০%