শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ফেনীতে যুবদল নেতার স্মরণসভা, উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতা

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে যুবদল নেতা হারুনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসা ও দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই স্মরণসভার আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে নিহত যুবদল নেতা হারুনের পরিবারের কাছে আট লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।

তবে রাজনৈতিক এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাহত হয়েছে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। সভাস্থলে ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের চেয়ারে বসিয়ে প্যান্ডেল ভরাট করতে দেখা যায়। এছাড়া দুপুর বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত মঞ্চসংলগ্ন দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেরই পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে রাজনৈতিক সভা করায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় অধিবাসীদের মধ্যে নীরব ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ক্ষমতাসীন দলের এই সভা হওয়ার কারণে ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।

০%
০%
০%
০%